কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ বছরের এক বৃদ্ধ, দুই গৃহবধূ ও ৬ বছরের শিশু মাইরাসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পরে সোমবার আদালত তাদের জামিন দেন।
শনিবার রাতে সালাহউদ্দিন মেম্বারের বাড়ি ঘেরাও করে পুলিশ তার ছোট ভাই মিজানকে আটক করে। থানায় নেওয়ার পথে হাতকড়া পরা অবস্থায় মিজান পালিয়ে যান। এর পরই অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের চার জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।
আটক সবাই রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন মেম্বারের পরিবারের সদস্য। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সালাহউদ্দিনের বাবা জাফর আলম, স্ত্রী রোজিনা আক্তার, ভাই মিজানের স্ত্রী ফারজানা হাকিম নিথর ও ৬ বছর বয়সী ভাতিজি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের দাবি, আসামি মিজানকে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিতে সহযোগিতা করে পালাতে সহায়তা করেছেন। এ ঘটনায় ‘পুলিশের ওপর হামলা’সহ (পুলিশ অ্যাসল্ট) বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে।
মামলায় ১৫ জনকে এজাহারভুক্ত করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। রাতে আটক চারজনকে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
একজন বৃদ্ধ, দুই নারী ও একটি শিশুকে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার করার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিশেষ করে শিশুটিকে মায়ের সঙ্গে কারাগারে পাঠানোর বিষয়টি অমানবিক দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সোমবার বিকালে কক্সবাজারের একটি আদালত জামিন দিলে তারা কারামুক্ত হন। এ সময় কারা ফটকে শিশুটিকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
কক্সবাজার পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, ‘আত্মীয়-স্বজন হেফাজতে নিতে আগ্রহ না থাকায় শিশুটিকে নিরাপত্তার স্বার্থে মায়ের সঙ্গে আদালতে প্রেরণ করা হয়।’


