শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ গণমাধ্যম ব্যক্তিত্ব।
বীর প্রতীক খেতাবজয়ী গেরিলা কমান্ডার রইসুল হক বাহার দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময় (৪৬ বছর) সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। একই সাথে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
রইসুল হক বাহার ১৯৫২ সালের ১ এপ্রিল নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার চরকাকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম বন্দরে কর্মজীবনের সূচনা করেন তিনি। ১৯৭১ সালের উত্তাল মার্চে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্র খালাস করতে আসা কুখ্যাত ‘সোয়াত’ জাহাজ প্রতিরোধে নিউমুরিং এলাকার সাধারণ মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।
পরবর্তীতে ভারতের হাফলং প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা যুদ্ধ ও বিস্ফোরক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে তিনি দেশে ফিরে আসেন। বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি চট্টগ্রাম অঞ্চলে একাধিক দুঃসাহসিক অপারেশনে নেতৃত্ব দেন। বিশেষ করে তাঁর নেতৃত্বে পরিচালিত ‘কৈবল্যধাম রেল স্টেশন অভিযান’ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ‘দৈনিক সেবক’ পত্রিকার মাধ্যমে রইসুল হক বাহারের সাংবাদিকতা জীবনের সূচনা ঘটে। পরবর্তীতে তিনি দৈনিক গণকণ্ঠ ও দৈনিক পূর্বকোণে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেন। এছাড়া চট্টগ্রাম থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘পিপলস ভিউ’ এবং জাতীয় দৈনিক ‘ডেইলি সান’-এর বার্তা সম্পাদকের দায়িত্বও পালন করেন দক্ষ এই গণমাধ্যম ব্যক্তিত্ব।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ‘দ্য ডেইলি স্টার’-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ সময়ে তিনি ‘দৈনিক পূর্বকোণ’-এর সহযোগী সম্পাদক এবং শিশু বিকাশ কেন্দ্র ‘ফুলকি’ স্কুলের নির্বাহী সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাসচর্চা ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন রইসুল হক বাহার। তিনি ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দর’ বইটির সম্পাদক এবং ‘পশ্চিম পাকিস্তানের শেষ রাজা’ গ্রন্থের অনুবাদক। এছাড়া ছোটদের জন্য ইংরেজিতে মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক পুস্তিকা রচনা এবং মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের প্রকাশনা ‘স্মরণিকা’ সম্পাদনা করেন তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধের আর্কাইভ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামসহ তাঁর জন্মস্থান নোয়াখালীতে পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।



