তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুতেই ১১টি ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ভোটগ্রহণ শুরু হয়।
সিড্ডা এলাকার ভোটার মিয়া চাঁন হাওলাদার বলেন, সকালে কেন্দ্রে ভোট দিতে আসি। বেশ কয়েকবার মেশিনে আঙ্গুলে ছাপ দিলেও মিলেনি। তাই ভোট কেন্দ্রের ভেতর কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, পরে চলে যাই। পরবর্তীতে কেন্দ্রে এসে ভোট দেই। আধাঘণ্টা ভোটের মেশিন নষ্ট ছিল।
ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম সারোয়ার বলেন, ‘সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। তবে সকালে ইভিএমে টেকনিক্যাল সমস্যার কারণে আমার কেন্দ্রটিতে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ ছিল।’
উল্লেখ্য, ডামুড্যা ও গোসাইরহাট দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী। দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।



