শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত ও তিনজন নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটিতে সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে এ ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়।
এখনও তিনজন নিখোঁজ রয়েছে জানিয়ে পুষ্পেন দেবনাথ বলেন, উদ্ধারকৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



