কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন পাপেটম্যান, মুস্তাফা মনোয়ার। শিল্পাঙ্গণের বহুমাত্রিক বিরল প্রতিভা, শিল্পগুরু, দেশের কৃতি সন্তান এই বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনারও। দুই দফা নামাজে জানাজার পর বনানীতে চিরনিদ্রায় শায়িত হন শিল্পীদের শিল্পী মুস্তাফা মনোয়ার।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাবেক কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে নেয়া হয় শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের মরদেহ। সেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা।
পরে বেলা ১১টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের বহুমাত্রিক এ শিল্প প্রতিভার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতে শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা। গকুল ভি কে-এর নেতৃত্বে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
এসময় শিল্পী মুস্তাফা মনোয়ারের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্ররা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ও কেবল যে চিত্রকলায় তা নয়, সঙ্গীত এবং নৃত্যেও তাঁর বিশেষ জ্ঞান ছিল।
চিত্রশিল্পী হাশেম খান বলেন, তাঁর গুণের প্রকাশ ঘটেছিল প্রত্যেকটি জায়গাতেই। প্রত্যেকটি শিল্পী–প্রযোজক সবাই মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধার সঙ্গে সেভাবে দেখেছেন।
বিশিষ্ট ব্যক্তিরা বলেন, যুগে যুগে প্রেরণা হয়ে থাকবেন মুস্তাফা মনোয়ার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, বাংলার লোকজ যে শিল্পচর্চা সেটা তিনি ধারণ করে নাগরিক সমাজে ছড়িয়ে দেওয়ার কাজটি সফলভাবে করেছেন।
অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ বলেন, আমি তার অবদানের কথা–গুণের কথা বলে শেষ করতে পারব না। আমরা কামনা করি তিনি তার কর্মের মাধ্যমে দীর্ঘ দীর্ঘদিন বেঁচে থাকবেন।
অভিনেতা তারিক আনাম খান বলেন, তাঁর চলে যাওয়টা আমাদের জন্য ভীষণ ক্ষতির। হয়তো আমরা বাংলাদেশ তাঁকে ধারণ করতে পারিনি। আমরা তাঁর কাছ থেকে যদি আরও কাজ পেতাম তাহলে ভালো হতো।
সমবেত কণ্ঠে 'ধনধান্য পুষ্প ভরা' গান গেয়ে শেষ হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।
পরে, কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে দেয়া হয় গার্ড অব অনার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় শিল্পগুরুর দ্বিতীয় নামাজে জানাজা।
পরে রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হন শিল্প সংস্কৃতি অঙ্গণের বিরল প্রতিভা মুস্তাফা মনোয়ার।



