রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ইমন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং চারজন দগ্ধ হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ।
তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে সুত্রাপুর এলাকা থেকে অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ইমনের শরীরের প্রায় ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং আরিফুরের ৮ শতাংশ দগ্ধ হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকার পৈতৃক সম্পত্তিতে পাশাপাশি বসবাস করেন তারা। শুক্রবার বাসার সামনে জমে থাকা ময়লা পানি পরিষ্কার করা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগ্বিতণ্ডা হয়। পরে সুলতানা বিষয়টি মোবাইল ফোনে ইমনকে জানালে তিনি দেশে ফিরে আসেন।
দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘শনিবার বিকেলে ইমন সবাইকে হত্যার হুমকি দিয়ে বলেন–আমিও মরব, তোদেরকেও মারব। এরপর তিনি নিজের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কক্ষে থাকা সবাই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।’
হাসপাতালের সর্বশেষ আপডেট অনুযায়ী রোববার বেলা ১১টা ৫০ মিনিটে ইমনের মৃত্যু হয়। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



