চাঁদাবাজি নিয়ে কথা বলায় রাজধানীর বাংলামোটরে পাম্পের গলিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক ব্যক্তির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ ওঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ সময় আতঙ্ক ছড়াতে কয়েক দফা ফাঁকা গুলিও ছোড়েন তিনি।
স্থানীয়দের ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যান সাইমন। তখন বিক্ষুব্ধ জনতা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরে ঘটনাস্থল থেকে সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে স্বভাবিক রয়েছে।
দীর্ঘদিন ধরেই অফিস খুলে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ ছিল যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহম্মেদ সাইমন ও তার অনুসারীদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতেন তারা। এ নিয়ে ক্ষোভ রয়েছে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।


