নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে স্বশরীরে আদালতে হাজির হন তিনি। মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না ও জয় বাংলা।’ এরপর আদালত ত্যাগ করেন তিনি।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।’


