রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ শাহাবাজ (২৬) ব্যবসায়ী ছিলেন। বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলে ছিলেন তিনি।
বেলা ১১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ওই ভবনের ১০তলার নিচতলার ভাড়াটিয়ার বন্ধ দরজার কক্ষ ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই যুবকটি আর বেঁচে নেই।
এসআই আরও জানান, নিহত ও যুবকের বাড়ি পাকিস্তানের মুলতানের জামালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তার বাবার নাম নাজির আহমেদ। পরিবার নিয়ে দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন তিনি।
তিনি আরও বলেন, আমরা নিহতের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


