ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স জে. ভি. ফিলিং স্টেশনের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেলে পেট্রোল সরবরাহ করা হচ্ছিল। তবে বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ পেট্রোল শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ তেল দেওয়া বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তেল নেওয়ার অপেক্ষায় থাকা প্রায় শতাধিক মোটরসাইকেল চালক মহাসড়কে অবস্থান নিয়ে বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন।
এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



