নেত্রকোণার মদনের নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রাম থেকে সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার রাতে এই চাল জব্দ করা হয়। সে সময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম. আরিফ।
এ বিষয়ে সহকারী কমিশনার জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ থাকার বিষয়ে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদ পাই। পরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরে ৪২ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। পরে জব্দ করা চাল স্থানীয় খাদ্য গুদামে পাঠানো হয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে দুলদুল মুন্সিকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার আরও জানান, দুলদুল মুন্সি হতদরিদ্রদের মাঝে বিতরণ করা সরকারি চাল অবৈধভাবে কিনে নিজের ঘরে মজুদ করে রাখেন। পরে সুযোগ বুঝে এসব চাল বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এই কালোবাজারি চাল ব্যবসার সাথে যারাই জড়িত আছেন তাদেরকে কোন প্রকার ছাড় না দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাদিছ মিয়া।



