লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভুল্যারহাট বাজার মোড় এলাকায় সার বিক্রয় কেন্দ্র 'মেসার্স সাইফুল ইসলাম'-এর গোডাউনের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকরা।
কৃষকের অভিযোগ, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের বিসিআইসি'র পরিবেশক মেসার্স সাইফুল ইসলাম নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দামে চোরাইভাবে সার বিক্রি করায় কয়েক দিন ধরে সাধারণ কৃষকরা সার পাচ্ছিলেন না।
এর আগে বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বৃহস্পতিবার সকালে ভোটমারী ইউনিয়নের চাষিদের নিকট সার বিক্রি করা হবে। এই প্রচারনা শুনে সার কেনার আশায় উপজেলার ভোটমারী ইউনিয়নের কৃষকেরা আজ সকালে বিক্রয়কেন্দ্রে ভিড় জমান।
কিন্তু কয়েকজন কৃষককে সামান্য পরিমানে সার দিয়ে হঠাৎ করেই বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এদিকে বাইরে তখন সার কিনতে অপেক্ষমাণ ক্রেতার দীর্ঘ লাইন।
এসময় বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবীতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন পর্যাপ্ত সার সরবরাহ করার প্রতিশ্রুতি দিলে মহাসড়ক ছেড়ে দেন কৃষকরা।



