বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা একটি প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার রাতে সরকারের ওই সিদ্ধান্তের পর সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
মীর আহসান উদ্দিন পারভেজ বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দামের এই সমন্বয় একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে যে অবৈধ মজুদ করার প্রবণতা ছিল, তা অনেকাংশে হ্রাস পাবে।
তিনি আরও বলেন, নিয়মিত দাম সমন্বয়ের ফলে তেল বিক্রির পুরো প্রক্রিয়ায় আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এটি খুচরা বিক্রেতা এবং সাধারণ ভোক্তা—উভয় পক্ষের জন্যই দীর্ঘমেয়াদি সুবিধা বয়ে আনবে।
এরআগে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। শনিবার রাতে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আজ থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮, পেট্রোলে ১৯ এবং অকটেনে ২০ টাকা বাড়ানো হয়েছে।


