গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় পরিচালিত অভিযানে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৪৬টি তদারকি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্য অনুসরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অধিদপ্তর জানায়, বাজার তদারকির সময় পণ্যের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়গুলো যাচাই করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় না করতে সতর্ক করা হয়।
বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনে বাজারে স্বাভাবিক চাহিদা ও সরবরাহ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। পাশাপাশি পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং ক্রয়ের রসিদ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
পণ্য কেনার সময় অতিরিক্ত দাম আদায়, প্রতারণা বা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাস্বার্থ সুরক্ষায় দেশব্যাপী নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


