আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বছরের অন্যতম আলোচিত ভারতের ছবি ‘লিও’। প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে বাংলাদেশে আমদানির প্রস্তুতিও চলছে। একই সময়ে মুক্তি দিতে চায় আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইমেন্ট। তবে বেশ কিছু কারণে ছবিটি এদেশে আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জীবনীভিত্তিক এ ছবিটি দেশের প্রায় সব হলেই প্রদর্শিত হতে যাচ্ছে। এটির পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, টানা দুই সপ্তাহের বুকিং চলছে ছবিটি নিয়ে। প্রথম লটে দেশের প্রায় সব প্রেক্ষাগৃহেই প্রদশর্নের লক্ষ্য তাদের। সেভাবেই চলছে হল বুকিং।
তাই এর মুক্তির ১ সপ্তাহ পর ১৯ অক্টোবর ‘লিও’ মুক্তি পেলেও দেশে পাবে না পর্যাপ্ত হল।
‘লিও’ বাংলাদেশে আমদানির করার পদক্ষেপ নিয়েছে অ্যাকশন কাট এন্টারপ্রাইজ। এর কর্ণধার অনন্য মামুন বলেন, ‘‘লিও’ দেশে আসবে কিনা—এটা আমরা ১৩ অক্টোবরের পর বলতে পারব। ‘মুজিব’ ছবির বুকিংটা দেখতে চাইছি। এরপর সিদ্ধান্ত।’’
ছবিটি নিয়ে আরও একটি সংকট আছে। মুক্তির ঠিক ১ মাস পর এটি ওটিটি প্ল্যাটফর্মে আসবে। তাই খুব একটা দেরি প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ওটিটিতে আসার আগে হাতে দুই অথবা এক সপ্তাহ সময় থাকবে। এত অল্প সময়ে লগ্নিকৃত টাকা উঠে আসার সম্ভাবনাও বেশ কঠিন। তাই নির্মাতা লোকেশ কানাগরাজ ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ছবিটি এ দেশে মুক্তিটা অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রসঙ্গত, নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন এই ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এ ছবিটি বাংলাদেশে মুক্তি নিয়ে বেশ উদ্দীপনাও চোখে পড়েছিল।


গান গাইছিলেন নায়িকা, তখনই হলো হামাসের হামলা
শাকিব খানের সিনেমায় আবার রাহুল দেব
