টম ক্রুজের নতুন রূপ আর নতুন ‘রেসিডেন্ট ইভিল’! একই দিনে দর্শকদের জন্য আসছে দুই ভিন্ন স্বাদের সিনেমা। ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতুর ‘ডিগার’। আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে সিনেমাটি।
‘ডিগার’-এ টম ক্রুজকে দেখে প্রথমে চিনতেই পারবেন না! ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ, অদ্ভুত হাঁটাচলা আর ভিন্ন উচ্চারণে সম্পূর্ণ নতুন অবতারে হাজির তিনি। গল্পে বিশ্বের ক্ষমতাধর ধনকুবের ডিগার রকওয়েল নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডের কারণে ভয়াবহ পরিবেশগত সংকট তৈরি করেন। পরিস্থিতি যখন বৈশ্বিক বিপর্যয়ের দিকে যায়, তখন পৃথিবী বাঁচানোর পাশাপাশি নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টায় নামেন তিনি। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’ নির্মাতা ইনারিতুর এই ব্ল্যাক কমেডিতে তাই হাসির আড়ালে আছে জলবায়ু সংকট, করপোরেট লোভ ও ক্ষমতার ব্যঙ্গ।
একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে ‘রেসিডেন্ট ইভিল’। ক্যাপকমের জনপ্রিয় গেম অবলম্বনে তৈরি ফ্র্যাঞ্চাইজির এটি নতুন রিবুট। ‘বারবারিয়ান’ নির্মাতা জ্যাক ক্রেগারের সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ব্রায়ান একজন সাধারণ মেডিকেল কুরিয়ার। ভয়াবহ সংক্রমণ ও দানবীয় প্রাণীর আক্রমণে রাকুন সিটিতে আটকে গিয়ে বেঁচে থাকার লড়াই শুরু হয় তার।
গেমের ‘রেসিডেন্ট ইভিল ২’-এর সময়কাল থেকে অনুপ্রাণিত হলেও এটি সরাসরি গেমটির সিনেমাটিক রিমেক নয়। বরং একই বিপর্যয়ের মধ্যে আটকে পড়া এক সাধারণ মানুষের গল্প। হরর আর সারভাইভাল, দুই স্বাদের দর্শকদের জন্যই ২ অক্টোবর তাই হতে যাচ্ছে বড় পর্দায় জমজমাট দিন!


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
