চোখে সানগ্লাস। গলায় লকেট। পরনে হুডি ও কার্গো প্যান্ট। শুক্রবার (২৯ নভেম্বর) শীতের সন্ধ্যায় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনাসারর্টে মঞ্চে এভাবেই দেখা দেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
এদিন, দুপুর গড়িয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে আর্মি স্টেডিয়ামের আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। দর্শকের বিশৃঙ্খল উপস্থিতিতে অবশ্য তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন অন্য গন্তব্যের মানুষেরা। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল
বিকেল ৫টার দিকে ‘কাকতাল’ ব্যান্ডের পরিবেশনা দিয়ে শুরু হয় এই কনসার্ট। ‘আবার দেখা হলে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’, ‘ওপেন সিক্রেট’, ‘চরকি’সহ বেশকিছু গান পারফর্ম করেন তাঁরা। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল
বিরতিতে ছিল ডিজে শো। ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মঞ্চে উঠেন পাকিস্তানের আরেক শিল্পী আবদুল হান্নান। ‘ইরাদে’ গান দিয়ে পারফর্ম শেষ করেন তিনি। দর্শকের উদ্দেশে এই গায়ক বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো এটি। বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা। আমার সঙ্গে এতো সুন্দর মুহূর্ত কাটানোর জন্য।’ ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
কনসার্টের অন্যতম আকর্ষণ ছিলেন তাহসান খান। রাত ৮টার দিকে মঞ্চে উঠেন তিনি। দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমাকে কি শোনা যাচ্ছে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া? আজ থেকে ২২ বছর আগে আপনাদের যেমন ভালোবাসা পেয়ে এসেছি, এখনও কি তেমনভাবেই ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে ২০০২ সালে আমার গাওয়া ‘এখনও’ গান দিয়ে শুরু করলাম।’ ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
একে একে তাহসান গেয়েছেন ‘প্রেম তুমি’, ‘কত দূরে’, ‘দূরে তুমি দাঁড়িয়ে’সহ বেশকিছু গান। এর মধ্যে ম্যাশআপ ছিল ‘ছুয়ে দিলে মন’ ও ‘প্রেমাতাল’। সবশেষে ‘আলো’ গান দিয়ে পারফর্ম শেষ করেন তিনি। ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
এরপরই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের গভীর আবেগে ডুবিয়ে দেয়। ছবি: সংগৃহীত
প্রধান অতিথি হিসেবে মঞ্চে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই বিপ্লবের শহীদের স্মরণে কথা বলেন তিনি। ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
শুরু থেকেই প্ল্যাকার্ড হাতে আতিফ আসলামের অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে মঞ্চে উঠেন তাদের প্রিয় শিল্পী। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল
এমন কোনো জনপ্রিয় গান নেই যে, পারফর্ম করেননি আতিফ! দর্শকদের অবাক করে দিয়ে টানা ৩ ঘণ্টা পারফর্ম করেন। ‘তু চাহিয়ে’ দিয়ে শুরু করে ‘তেরা হুনে লাগা হুন’, ‘জিনা জিনা’, ‘ও রে পিয়া’, ‘মেরে পিয়া ঘার আয়া’, ‘পেহলি নাজার মে’, ‘পেহলা নাশা’, ‘কুচ ইস তারহা’, ‘ওহ লামহে’, ‘তেরে লিয়ে’, ‘আাদাত’, ‘হাম কিসি গালি’, ‘দামা দম মাস্ত কালান্দার’সহ ৪০টির মতো গান গেয়েছেন তিনি। ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
ভক্তদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। গান গাইতে গাইতে অনেকের ছবি ও টি-শার্টে নিজের অটোগ্রাফ দিয়েছেন আতিফ। ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন
পুরো কনসার্টের সঞ্চালনায় ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান। কনসার্ট শেষে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন আগামী বছর ‘ম্যাজিক্যাল নাইট ৩’ করার ঘোষণা দেয়। জানানো হয়, ওই শোয়ে পারফর্ম করবেন ভারতের সংগীতশিল্পী অনুভ জৈন। ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন