ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিমান চলাচল বন্ধ থাকায় কনসার্টে অংশ নিতে পারেনি জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটের ব্লু বার্ড স্কুলে আয়োজিত একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়।
আজ রোববার সামাজিকমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় আর্টসেল। কনসার্টে অংশ নিতে না পারায় ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন তাঁরা।
বিবৃতিতে আর্টসেলের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দুঃখিত। আমরা আমাদের ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে ছিলাম আশা নিয়ে যেকোনো সময় হয়তো ডাক আসবে। ওদিকে তোমরা অপেক্ষা করছিলে ভালবাসা নিয়ে। তবু কাল দেখা হলো না!’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় কোটি ডলার! বিষয়টি উল্লেখ করে আর্টসেল বলে, ‘গতকাল (শনিবার) বিকেলে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক গুদাম পুড়ে যায়, যেখানে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, এই আগুনে তাদের ও দেশের ক্ষতি হতে পারে প্রায় কোটি ডলার! অগ্নিকাণ্ডে অনেক নিরাপত্তা ও আনসার-পুলিশ সদস্য আহত হয়েছেন।’

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ৯টার পরে কিছু ফ্লাইট চলাচল শুরু হলেও ব্যান্ডটির নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। বিবৃতিতে তাঁরা বলেন, ‘এই ভয়াবহ ঘটনায় সকল ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়, পরে রাত ৯টার পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।’
যোগ করে বলা হয়, ‘গতকাল সিলেটের কনসার্টের জন্য আমরা আর্টসেল দারুণভাবে প্রস্তুতি নিয়েছিলাম। উদগ্রীব হয়ে ছিলাম সিলেটের আর্টসেল ফ্যানদের মন জয় করার জন্য।’
তবে ‘রকভল্ট ওডিসি’ শীর্ষক সেই কনসার্টে ঠিকই অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাকি দুটি ব্যান্ড ‘হাইওয়ে’ ও ‘ব্লু জিন্স’ পারফর্ম করেছে।
আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে আর্টসেল তাঁদের বিবৃতিতে বলে, ‘ধন্যবাদ দিতে চাই, সিলেটের অর্গানাইজার ফ্ল্যামস মিউজিক্যাল ক্লাবকে। একদম শুরু থেকে তারা ছিল অত্যন্ত প্রফেশনাল (পেশাদার), বন্ধুসুলভ ও সৌহার্দ্যপূর্ণ। আমরা প্রতিটি মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগে আছি এবং তাদের পাশে আছি সব ধরনের সহযোগিতা করতে। আর সিলেটের ফ্যানরাও অনেক সাপোর্টিভ। গতকাল খুব সুশৃঙ্খলভাবে অনেক বড় একটা কনসার্ট হয়ে গেল সিলেটে, যেটা একটা বিরল উদাহরণ।’
কনসার্টে আর্টসেলকে ট্রিবিউট দিয়েছে হাইওয়ে। বিষয়টি উল্লেখ করে আর্টসেল বলে, ‘‘আমাদের অনুপস্থিতিতে ‘হাইওয়ে’ ব্যান্ড আর দর্শক-শ্রোতাদের কাছ থেকে ট্রিবিউট পেয়ে এক অসীম ভালোবাসার সাক্ষী হয়ে থাকলাম তবে আমরা সরাসরি এই ভালোবাসার অংশ হতে পারলাম না।’’


ফের ঢাকায় আসছে পাকিস্তানের ‘জাল’
