রুনা লায়লা থেকে শাহরুখ খান, আশার প্রয়াণে শোকস্তব্ধ তাঁরা

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া শোবিজ দুনিয়ায়। ঢাকার রুনার লায়লা থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন, স্মৃতিচারণ করতে গিয়ে হয়েছেন আবেগপ্রবণ।

শৈশব থেকেই আশা ভোঁসলের গানের ভক্ত রুনা লায়লা। তিনি বলেন, ‘ছোটবেলায় আশাদির গান শুনতাম আর তাঁর গলার সেই সূক্ষ্ম কারুকাজগুলো নকল করার চেষ্টা করতাম। তিনি আমার কাছে এক অমূল্য রত্ন ছিলেন।’ 

পরবর্তী সময়ে রিয়্যালিটি শো ‘সুর ক্ষেত্র’-এর বিচারক থাকাকালীন তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। রুনা স্মৃতিচারণ করে বলেন, ‘‌‘শুটিংয়ের ফাঁকে আমরা এত গল্প আর হাসাহাসি করতাম যে প্রোডিউসার আমাদের সিট আলাদা করে দিয়েছিলেন, যাতে কাজে ব্যাঘাত না ঘটে। কিন্তু আশাদি জেদ করেছিলেন আমি তাঁর পাশের চেয়ারেই বসব। আর আশাদিকে ‘না’ বলার সাধ্য ছিল না।’’

রিয়্যালিটি শো ‘সুর ক্ষেত্র’-এর বিচারক থাকাকালীন আশা ভোঁসলে ও রুনা লায়লা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কেবল সুরের জাদুকর নন, আশা ভোঁসলে ছিলেন অসাধারণ রাঁধুনিও। রুনা জানান, তাঁর জন্য প্রায়ই বিরিয়ানি আর চিংড়ির পদ রান্না করে শুটিং সেটে নিয়ে আসতেন আশা। তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল অতুলনীয়। রুনা বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম আমাকে আপনি বা রুনাজি না বলে শুধু নাম ধরে ডাকুন। কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেছিলেন, মানুষ ও শিল্পী হিসেবে আমি তোমাকে এতটাই সম্মান করি যে আমি এভাবেই ডাকব।’

আশা ভোঁসলের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে আড্ডা আর গল্পের সেই সোনালী দিনগুলো এখন কেবলই স্মৃতি—এমনটা জানিয়ে রুনা লায়লা বলেন, ‘‘খুব মিস করব তাঁর সেই ফোনকলগুলো। ফোনের ওপার থেকে আর কেউ বলবে না— ‘রুনাজি আপ ক্যায়সি হ্যায়?’’’

এদিকে, প্রয়াত কিংবদন্তিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘‘আশা ভোঁসলে নেই ভাবতেই পারছি না। ছোটবেলা থেকেই তাঁকে চিনতাম। তবে সমানাসামনি তাঁকে দুইবার দেখার সুযোগ হয়েছিল, যা আজও আমার মনে দাগ কেটে আছে। কলকাতায় ‘অন্যায় অবিচার’ সিনেমার গানের রেকর্ডিংয়ে গিয়েছিলাম। সেখানে আমার গান শুনে তিনি এত প্রশংসা করেছিলেন যে আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম। ষ্টুডিওতে উপস্থিত থাকা বরেণ্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মণকে বলেছিলেন, ‘সাবিনা ইয়াসমিন খুব ভালো গেয়েছে।’’’

সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘ওই কাজটিতে কিশোর কুমারের সঙ্গে একটি যুগল গান এবং একটি একক গান গেয়েছিলাম। হিন্দি ও বাংলা—দুই ভাষাতেই কাজ করেছি। আশা ভোঁসলের মতো এত ভালো মানুষ আমি কম দেখেছি। এত বড় শিল্পী হয়েও তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। তাঁর সান্নিধ্যে না এলে তা বোঝা সম্ভব নয়।’

ঢাকায় আরেকটি স্মরণীয় সাক্ষাতের কথাও তুলে ধরেন তিনি। সাবিনা ইয়াসমীন বলেন, ‘একবার তিনি ঢাকায় এসেছিলেন। তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাঁর গান শুনতে গিয়েছিলাম। সামনে বসে মনোযোগ দিয়ে গান শুনেছি। পরে পেছনের মঞ্চে গিয়ে দেখা হলে তিনি বললেন—তোমাদের গান খুব শোনার সুযোগ পাই না, তবে কিছু গান শুনেছি, খুব ভালো লেগেছে। তোমার কিছু গান শ্রোতার মুখেও ফিরে। তিনি প্রশংসা করেই যাচ্ছিলেন। আমি মনে করি, এত প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই।’

সবশেষে সাবিনা ইয়াসমীন বলেন, ‘যেখানেই থাকুন, খুব ভালো থাকুন।’ 

আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ শাহরুখের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভক্তরা ভালোবেসে আশা ভোঁসলেকে ডাকেন ‘আশা তাই’। বলিউড বাদশাহ শাহরুখ খান বলেন, ‘আশা তাইয়ের প্রয়াণের খবরটা সত্যিই খুব দুঃখের। তাঁর কণ্ঠস্বর ছিল ভারতীয় সিনেমার অন্যতম খুঁটি, আগামী শতশত বছর বিশ্বজুড়ে তা অনুরণিত হতে থাকবে। এমন এক প্রতিভা, যা অনেকের চেয়েও বেশিদিন টিকে থাকবে, তিনি সবসময় আমাকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আমি তাঁকে খুব মিস করব। শান্তিতে থাকুন আশা তাই… ভালোবাসি।’

আশার প্রয়াণে শোকাহত প্রসেনজিৎ বলেন, ‘আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। আমার পরিচালনায় একটি ছবিতে তিনি গান গেয়েছিলেন। আমার মা তাঁর খুব বড় অনুরাগী ছিলেন। এত বড় অনুরাগী বোধহয় আর কেউ নেই। যেকোনো ভাষায় গানে তিনি একটা ট্রেন্ড সেট করেছিলেন। দূর থেকে শুনে বোঝা যেত যে তাঁর গান এটা। গানের জগতে আশাজি, লতাজি দুটো নাম। তাঁদের জীবনাবসান বড় ক্ষতি।’

ঊষা উত্থুপের স্টুডিওতে আশা ভোঁসলে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আশা ভোঁসলের মতোই আরেক বহুমুখী প্রতিভার অধিকারী সংগীতশিল্পী ঊষা উত্থুপ। তাঁর প্রতিক্রিয়া, ‘‘আশা ভোঁসলে সিনেমা থেকে সংগীতের দুনিয়া— সবক্ষেত্র সমৃদ্ধ করেছেন। শুধু বলিউডের ছবিতেই নয়, বাংলাতেও প্রচুর গান গেয়েছেন। তাঁর পূজার গান আজও লোকমুখে ফেরে। আমরা প্রত্যেকে আশা ভোঁসেলের অন্ধ ভক্ত। তাঁর মতো একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন শিল্পীকে হারানো সংগীতের দুনিয়ায় বিরাট ক্ষতি। আশাজির ‘দম মারো দম’ ছাড়া আমার কোনো প্রোগ্রাম হয় না। সংগীত কোনোদিন ফুরিয়ে যায় না। গানের মাধ্যমেই তিনি আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ করে বাংলাদেশি সুরকার প্রিন্স মাহমুদ লিখেছেন, ‌‘সংগীত জগতের শেষ মুঘল চলে গেলেন। সুরের দীর্ঘ ইতিহাস ও বহু না বলা কাহিনীর সাক্ষী চলে গেলেন। মুগ্ধতার কেন্দ্রবিন্দু, অনুপ্রেরণা, বিশেষ সংযোগ আর কণ্ঠের উচ্চমার্গের অনন্ত উপমা সত্যিই চলে গেলেন। বিদায় সুরসম্রাজ্ঞী।’

প্রিয় শিল্পীর প্রয়াণে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘কিছু মানুষের মৃত্যু হয় না, শুধু সুরের জগতে হারিয়ে যাওয়া হয়। আজ সংগীতের এক বিশাল নক্ষত্র বিদায় নিলেন। যাঁর কণ্ঠের মায়ায় আমাদের কত শত আবেগ পূর্ণতা পেয়েছে, কত স্মৃতি ডানা মেলেছে। শিল্পী চলে যান, কিন্তু তাঁর রেখে যাওয়া সুরগুলো থেকে যায় চিরকালীন সঙ্গী হয়ে। আপনার কণ্ঠ, আপনার সুর আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।’

শুধু শোবিজ তারকারাই নন, আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ ও ভারতের তারকা রাজনীতিবিদরা। শোকবার্তা দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘তিনি ভারতীয় হলেও সীমান্ত পেরিয়ে লাখ লাখ মানুষ তাঁর গুণমুগ্ধ। তিনি আমাদের বাংলাদেশের মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবেন। প্রায় ১২,০০০ গানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার প্রিয় বলিউড চলচ্চিত্র ‘উমরাও জান’ ও ‘সওদাগর’-এর গানগুলোর জন্য।’’

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর