ফের বিতর্কে ভারতীয় অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। এ বার তাঁর বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক চাওয়ায় এক কাঠমিস্ত্রিকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী রাজকাপুর শর্মা ইতিমধ্যেই বেহালা থানার দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিনেতা ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
অভিযোগপত্রে রাজকাপুর জানিয়েছেন, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ পান তিনি। ৫৫ হাজার রুপিতে চুক্তিতে কাজ শুরু হলে তাঁকে অগ্রিম হিসেবে দেওয়া হয় ৩০ হাজার রুপি। কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর সোহমের বাড়িতে আরও দু’টি আলমারি তৈরির দায়িত্ব পান তিনি। অভিযোগকারীর দাবি, সেই দু’টি আলমারির কাজও প্রায় ৫০ শতাংশ শেষ করে ফেলেছিলেন তিনি।
কিন্তু এরপর আর কোনও পারিশ্রমিক না পাওয়ায় বকেয়া টাকা চাইতে সোহমের বাড়িতে যান রাজকাপুর। অভিযোগ, সেখানে অভিনেতা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে চড়াও হয়ে তাঁকে মারধর করেন। রাজকাপুরের আরও অভিযোগ, সোহমের দেহরক্ষী তোতন সর্দারও তাঁকে গালিগালাজ করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এমনকি তাঁর ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
ঘটনার বিষয়ে সোহম চক্রবর্তীর বক্তব্য জানতে তাঁর সঙ্গে ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিযোগে নাম জড়িয়েছে সোহমের। গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ রুপি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হুগলির আরামবাগের বাসিন্দা এবং ‘সোনম মুভিজ়’-এর কর্ণধার ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ করেছিলেন।
এরও আগে বিধায়ক থাকাকালীন কলকাতার একটি রেস্তরাঁয় শুটিং করতে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে বচসা, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। একের পর এক অভিযোগের জেরে ফের আলোচনায় এসেছে অভিনেতার নাম।


সরকার স্পর্শকাতর সময় পার করছে: তথ্যমন্ত্রী 
