যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি নিজেই এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
আকবর হোসেন লিখেছেন, ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।’
অন্তর্বর্তী সরকারের সময়ে আকবর হোসেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুই বছর তাঁর এই পদে থাকার কথা ছিল। এর আগে তিনি বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।


