যাঁরা বিএনপির জনকর্মসূচির বিরোধিতা করছেন, তাঁদের ওপর ধীরে ধীরে স্বৈরাচারের ভূত আছর করছে মন্তব্য করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের এক সমাবেশে প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে এই আহ্বান জানান।
টাঙ্গাইল শহরে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনের পর মঙ্গলবার বিকেলে সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেন।
জাতীয় সংসদের বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি “জুলাই সনদ” সই করেছে। বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন বাস্তবায়ন করবে।’
স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপর আবার ধীরে ধীরে আছর করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ থাকার আহ্বান জানান, যেন জনসম্পৃক্ত কর্মসূচিগুলো বাধাগ্রস্ত না হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে সজাগ থাকতে হবে সেই সব দলের বিরুদ্ধে, সেই সব মানুষের বিরুদ্ধে, যারা বিভ্রান্তি ছড়াতে চায়।’
এর আগে প্রধানমন্ত্রী সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন।


