আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অথবা অজ্ঞাত স্থানে আটক রাখে, কাউকে নিয়ে যাওয়ার বিষয়টা যদি গোপন রাখে, কিংবা তাকে যদি আইনের সুবিধালাভে বঞ্চিত করেন, তাহলে সেটি ফৌজদারি অপরাধ, এবং এটি স্বতন্ত্র ফৌজদারি অপরাধ 'গুম' বলে গণ্য হবে।'
এসময় চিফ প্রসিকিউটর আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিল করার আর কোনো সুযোগ নেই। দণ্ডপ্রাপ্ত আসামির জন্য ৩০ দিন পর আপিলের সুযোগ থাকে না।
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ট্রাইব্যুনালের সাথে সাংঘর্ষিক হবে না বলেও মনে করেন চিফ প্রসিকিউটর। এছাড়া প্রভাবশালী কয়েকজন আসামির রায়কে কেন্দ্র করে অপতৎপরতার চেষ্টার আশঙ্কা থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।



