অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা সংশোধন করা হবে। বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে। মানুষের প্রয়োজন অনুযায়ী আইনের সংশোধন করা হবে।’
তিনি বলেন, ‘বাক স্বাধীনতা নিশ্চিতে ব্যক্তির সম্মান হানি যাতে না হয়, সে বিষয়টিকে নজরে রেখেই কার্যক্রম চলমান আছে।’
এর আগে অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশ্বের যে কোনো ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে।
তিনি বলেন, ‘ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।’
এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় বেনামী সংবাদমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।



