ঢাকায় নিজের ভোটার এলাকা পরিবর্তন করলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হলেন সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
এর আগে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তাঁর আবেদন অনুমোদন করে। এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় ঢাকার পরবর্তী মেয়র নির্বাচনে এনসিপি থেকে আসিফ মাহমুদের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা যায়। দেশের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে বেশ জোরাল গুঞ্জন ছিল। যদিও এ নিয়ে এনসিপি বা আসিফের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বার্তা আসেনি।
এই প্রেক্ষাপটে, ঢাকায় আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি আগামী মেয়র নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কোনো ইঙ্গিত বহন করে কিনা, সেটাই এখন প্রশ্ন।



