সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘এই অধিবেশনের অন্যতম কাজ ছিল সংসদের স্থায়ী কমিটি গঠন কিন্তু তা জুলাই সনদ অনুযায়ী হয়নি। সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করার কথা বললেও সংসদীয় কমিটি গঠনের সময় সরকার স্বেচ্ছাচারিতা করেছে। তারা অধ্যাদেশ ল্যাপস করেছিল তারা বলেছিল আরও ভালো আইন প্রণয়ন করবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘সামগ্রিকভাবে দেশের যে অবস্থা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা আশা করেছিলাম। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের হতাশ করেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী লং মার্চের বিরোধিতা করেছে। লং মার্চের কারণে গ্যাস–বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছে। দিল্লিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড ভারত সরকার যে সহায়তা করছে সে বিষয়ে কোনো কথা বলেনি।’
তিনি আরও বলেন, ‘ঋণখেলাপির কথা বলে সরকার অথচ তারাই ঋণখেলাপিদের সংসদে নিয়ে এসেছে।’
নাহিদ বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ, সারের সমস্যার সমাধান সরকার করতে পারেনি।’



