রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কমল-কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনাসভা।
অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে জামায়াতে ইসলামীর প্রকাশ্য কোনো ভূমিকা ছিল না। শিবির নেতারা রাজনীতিকে গুপ্তভাবে নষ্ট করতে চায়, বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তো জুলাই আন্দোলনে গ্রেপ্তার হননি। ৩৬ দিনের একদিনও তো আমরা তাকে মাঠে পাইনি। বিএনপির নেতাদের টার্গেট করে গ্রেপ্তার করা হয়েছিল। জামায়াতের কয়জন নেতা গ্রেপ্তার হয়েছিল।’
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের পরিস্থিতি দেখেও যারা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেয়, তারা কখনই দেশের ভালোর জন্যে রাজনীতি করেন নি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এরা কোনোদিনও দেশের স্বার্থে রাজনীতি করেনি। জাতীয় স্বার্থে রাজনীতি করেনি। দলীয় স্বার্থে রাজনীতি করেছে। একাত্তরে তাই, ছিয়াশিতে তাই, নব্বইয়ে তাই, চব্বিশে তাই– সবসময় তারা দলীয় স্বার্থকে সবার আগে দেখেছে, দেশের স্বার্থের আগে। তারা শুধু দেশবিরোধী নয়, মানবতাবিরোধী এবং জনগণের স্বার্থবিরোধী তাদের এই বক্তব্য। রেমিট্যান্স কেন শাটডাউন করবে?’
এসময় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, আচরণের কারণেই জামায়াতই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।


