প্রায় দুই মাস আগে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে সময় স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও প্রশাসকের অবহেলায় কোনো অগ্রগতি হয়নি।
আবারো যখন স্টেডিয়ামের অবস্থা পর্যবেক্ষণে এলেন, তখন চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ জানান আমিনুল হক। ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ি সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপ।
স্টেডিয়ামের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখে দ্রুতই এনএসসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে এরই মধ্যে প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অব্যবস্থাপনার প্রমাণ পেয়ে প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়।
আমিনুল হক জানান, স্টেডিয়ামে খেলোয়াড়দের থাকার পরিবেশ নেই। অথচ অটোরিকশার দোকানসহ বিভিন্ন দোকান ভাড়া দেওয়া হয়েছে। যা চলছে বহাল তবিয়তে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবিলম্বে এসব দোকান উৎখাতের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে। এক সপ্তাহের মধ্যেই স্টেডিয়ামটি বাফুফেকে হস্তান্তর করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর ফুটবল ফেডারেশনই এর রক্ষণাবেক্ষণ করবে।
সরকার খেলাধূলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। সেকারণেই ক্রীড়া প্রতিমন্ত্রীর এই তৎপরতা।



