আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলে মাশরাফি বিন মুর্তজা খেলছেন না তিন বছর হয়ে গেছে। হাঁটুর চোট নিয়ে প্রায় ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার টেনে নেওয়াটাই একটা বিস্ময়কর অর্জন। এখন তঁর বয়স ৩৯। পুরোদস্তুর রাজনীতিবিদ বনে গেলেও এখনো বিপিএলে দেখা যায় মাশরাফিকে। তাই বলে আন্তর্জাতিক ক্রিকেটে, আরেকটু পরিষ্কার করে বললে বিশ্বকাপে?
হ্যাঁ, বাংলাদেশের অনেক সমর্থকই হয়তো এখনো মাশরাফিকে দেখতে চান বাংলাদেশ দলে। অধিনায়ক, বলা ভালো নেতা হিসেবে মাশরাফির এমন এক ভাবমূর্তি গড়ে উঠেছে যে ক্রিকেটে কোনো টালমাটাল অবস্থা সৃষ্টি হলেই মাশরাফিকে ফিরে পেতে চান সবাই।
সাকিব আল হাসানও সেটা জানেন। গতকাল বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন পছন্দ করেন না বলেই এখনো মাশরাফিকে চান তারা।
কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে অনেকের মনে অসন্তোষ আছে, এমন এক প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমরা আসলে পরিবর্তন পছন্দ করি না। শুধু একটা জায়গা, রাজনীতি সেখানে পরিবর্তন চাই, যেখানে পরিবর্তন কম হলে ভালো, অন্তত আমি তাই মনে করি। বাকি সবক্ষেত্রেই…’
এ কারণেই, বাস্তবিক বিচারে সম্ভব না হলেও মানুষ কী শুনলে খুশি হবে সেটা জানেন বর্তমান অধিনায়ক, ‘আমি নিশ্চিত, এখনো যদি আমরা বলি যে মাশরাফি ভাইকে অধিনায়ক বানিয়ে ২০২৩ এর বিশ্বকাপ খেললে ভালো হতো, তাহলে সবাই খুশি হয়ে যেত। সবাই খুশি হয়ে যাবে।’
বর্তমান ক্রিকেট প্রেক্ষাপট, ফিটনেস, বয়স বা যুগের চাহিদা নয়, মানুষের কাছে যে আবেগটাই বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝে সাকিব। এ কারণেই বোঝেন কেন মানুষ মাশরাফিকে এখনো দলের অংশ হিসেবে চাইছেন, ‘আমি মানুষের সাইকোলজিটা বুঝতে পারি। তারা খুবই সহজ-সরল। এ কারণে তারা আসলে এভাবে চিন্তা করে যে, মাশরাফি ভাই যদি এখনো অধিনায়ক হিসেবে কিংবা খেলোয়াড় হিসেবে মানে সে যদি বিশ্বকাপ দলের অংশ হয়, তাহলে সবকিছু অন্যরকম হয়ে যাবে।’



