আইপিএলে কদিন ধরেই আলোচনায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির মালিক সাঞ্জীব গোয়েঙ্কার কথোপকথনের একটি ভিডিও। কদিন আগে লক্ষ্ণৌয়ের ১৬৬ রান মাত্র ৯.৪ ওভারেই ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ, সে ম্যাচেই ঘটনার সূত্রপাত। লক্ষ্ণৌয়ের ইনিংসে ‘টেস্টের ব্যাটিং’ করা রাহুলের ওপর ম্যাচ শেষেই বাউন্ডারি লাইনে ক্ষোভ ঝাড়েন গোয়েঙ্কা।
এ নিয়ে গত কিছুদিনে আলোচনা-সমালোচনা কম হয়নি। মালিক হলেও একজন অধিনায়ককে মাঠে নেমে এভাবে কথা বলার অধিকার গোয়েঙ্কা রাখেন কি না – এ নিয়ে প্রশ্ন উঠছে।
সেই ঘটনার পর গুঞ্জন ওঠে, এই মৌসুম শেষে লক্ষ্ণৌ ছাড়ছেন অধিনায়ক রাহুল। এর মধ্যে আজ এসেছে আরেক খবর, আগামীকাল দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচ খেলতে লক্ষ্ণৌয়ের দল দিল্লি গেলেও রাহুল দলের সঙ্গে যাননি!
প্লে-অফের দৌড়ে থাকা লক্ষ্ণৌয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই ম্যাচের আগেই দলে বিভেদের গুঞ্জন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম লিখেছে, লক্ষ্ণৌ থেকে দলের দিল্লি ভ্রমণের যে ভিডিও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, সেখানে কোথাও রাহুলকে দেখা যায়নি।
অবশ্য রাহুল কী কারণে দলের সঙ্গে নেই, সে ব্যাপারে কোথাও কিছু লেখা নেই। সে কারণে আগামীকাল ম্যাচের আগে সরাসরি রাহুলের দলে যোগ দেওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
লক্ষ্ণৌয়ের ক্যাম্পে যে সবকিছু ঠিকঠাক চলছে না, সেটারও একটা ধারণা দিয়েছে ইন্ডিয়া ডট কম। তারা লিখেছে, গত ৮ মে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষে গোয়েঙ্কা-রাহুলের ওই ঘটনার পর থেকে দলের সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে বা সংবাদমাধ্যমে বিতর্কিত কিছু না বলতে বলে দেওয়া হয়েছে বলে শোনা যায়। এমনকি লক্ষ্ণৌয়ের টুইটার পেইজেও ওই ম্যাচের পর থেকে শুধু একটাই পোস্ট করা হয়েছে – গতকাল মা দিবস উপলক্ষে। ওই ঘটনার পর চারিদিকের সমালোচনার মুখে সঞ্জীব গোয়েঙ্কা নিজেও ইনস্টাগ্রামে বা সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোতে স্পিকটিনট হয়ে আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তবে এমন পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন দলটির সহকারী কোচ ল্যান্স ক্লুজনার। জানিয়েছেন, এ নিয়ে ড্রেসিংরুমে কোনো কথাবার্তা হচ্ছে না। সেদিনের ঘটনাটাকে ‘দুই ক্রিকেটপ্রেমীর উত্তেজনাপূর্ণ আলোচনা’ জানিয়ে ক্লুজনার বলেছেন, ‘দুজন ক্রিকেটপ্রেমীর উত্তেজনাপূর্ণ আলোচনার মধ্যে আমি কোনো সমস্যা তো দেখি না। আমাদের কাছে এটা তাই চায়ের কাপে একটা ঝড়ের মতোই। আলোচনায় একটু-আধটু উত্তেজনা ছড়ালে বরং ভালোই লাগে। একটা দল এভাবেই তো আরও ভালো হয়ে ওঠে। আমাদের কাছে তাই এটা বড় কোনো ব্যাপার নয়।’



