অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমির আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান

আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:৩১ এএম

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটার কথা মনে আছে? ওয়াংখেড়ের সে ম্যাচে খাদের কিনারে থেকেও অনবদ্য লড়াইয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে একাই আফগানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

আফগানিস্তানের ২৯৩ রানের জবাবে ৯১ রানে ৭ উইকেট চলে গিয়েছিল অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সদের হার তখন সময়ের ব্যাপার বলেই মনে হয়েছিল। এমন বিরূপ পরিস্থিতিতেও অবিশ্বাস্য একটা ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ম্যাক্সওয়েল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আফগানিস্তানকে সামনে পেয়ে আজ আবারও ওয়াংখেড়ের স্মৃতি মনে করাচ্ছিলেন ৩৫ বছর বয়সী এ মারকুটে ব্যাটসম্যান। আফগানিস্তানের ১৪৮ রান তাড়ায় নেমে দলীয় ১৬ রানেই দুই উইকেট হারালে মাঠে নামেন ম্যাক্সওয়েল। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থের যাওয়া-আসাতেও একাই ঢাল হয়ে দাঁড়িয়ে প্রতিআক্রমণ চালাতে থাকলেন ম্যাক্সওয়েল।

তবে এবার আর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেননি অস্ট্রেলিয়ান মারকুটে এ ব্যাটসম্যান। ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলে ড্রেসিং রুমের পথ ধরেছেন। অস্ট্রেলিয়াও ম্যাচটা হেরেছে ২১ রানে। একইসঙ্গে সেমি ফাইনালে ওঠার ক্ষীণ আশা আবারও জেগে উঠেছে বাংলাদেশের সামনে।

সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন নাজমুল হাসান শান্তরা। সে ম্যাচ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে, অন্যদিকে ভারতের কাছে অস্ট্রেলিয়া বিশাল ব্যবধানে হেরে গেলে রান রেটের জটিল সমীকরণে শেষ চারে যাওয়ার আশা একটু হলেও থাকবে বাংলাদেশের।

আজ সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় আফগানিস্তান। হ্যাজলউড-অ্যাগার-কামিন্সদের সামলে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন রহমানউল্লাহ গুরবাজ (৬০) ও ইব্রাহিম জাদরান (৫১)। দুই ওপেনারের পর কেউ অবশ্য সেভাবে দাঁড়াতে পারেননি। শেষ দিকে করিম জানাতের ১৩ ও মোহাম্মদ নবীর ৪ বলে ১০ রানের কল্যাণে ১৪৮ রানের সংগ্রহ পায় আফগানরা।

আফগান ইনিংসের শেষ দিকে হ্যাটট্রিক তুলে নেন কামিন্স। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান পেসার।

আফগানিস্তানের ১৪৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই নাভিন উল হকের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ট্রাভিস হেড। তিনে নামা মিচেল মার্শও (১২) আউট হয়েছেন ইনিংসের তৃতীয় ওভারেই। ১৬ রানে দুই উইকেট নেই অস্ট্রেলিয়ার।

ম্যাক্সওয়েল একপ্রান্তে ঢাল হয়ে দাঁড়ালেও অন্যপ্রান্তে চলতে থাকে সতীর্থদের যাওয়া আসার মিছিল। ওয়ার্নার (৮ বলে ৩) রানের জন্য রীতিমতো সংগ্রাম করে আউট হলেন। ফর্মে থাকা স্টয়নিস (১৭ বলে ১১ রান) উইকেটে এসে থিতুই হতে পারলেন না। টিম ডেভিড (২) তো দুই অঙ্কই ছুঁতে পারলেন না।

ম্যাক্সওয়েল বুঝে গেলেন, যা করার, তাঁকে একাই করতে হবে। দায়িত্ব সব নিজের কাঁধে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালাতে থাকলেন ম্যাক্সওয়েল। ইনিংসের ১৪তম ওভারে দলীয় শত রান পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ম্যাক্সওয়েল ৩৫ বলে তুলে নেন এ বিশ্বকাপে তাঁর প্রথম ফিফটি।

ম্যাক্সওয়েল যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে অস্ট্রেলিয়ার জয় সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু দলীয় ১০৬ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে থেমে যান ম্যাক্সওয়েল (৪১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৯ রান)। একইসঙ্গে নিভে যায় অস্ট্রেলিয়ার আশার প্রদীপও। ম্যাক্সওয়েল আউট হওয়ার পরে স্কোরবোর্ডে আর মাত্র ২১ রান যোগ করতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এতে ২১ রানের জয় নিশ্চিত হয় আফগানিস্তানের।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর