শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগে বিতর্কিত এক মন্তব্য করেছেন পাকিস্তানি এক ইউটিউবার। যা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। সুপার এইটে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে ম্যাচ ছেড়ে দিয়ে ফিক্সিংয়ের অনুরোধ করেছিলেন পাকিস্তানি ইউটিউবার ফুরকান ভাট্টি- খবর জি নিউজের।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ তাদের এক প্রতিবেদনে ফুরকান ভাট্টির এক ইউটিউব কনটেন্ট সামনে এনে জানিয়েছে, শ্রীলঙ্কা ম্যাচ ছেড়ে দিলে অনেক দিক দিয়ে লাভবান হবে। পাকিস্তান সেমিফাইনালে গেলে সেই ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত হবে। আর তাতেই বিশ্বকাপের এক বাড়তি ম্যাচ আয়োজনের সুযোগ পাবে লঙ্কান ক্রিকেট বোর্ড।
সুপার এইটের এই ম্যাচ ঘিরে নতুন বিতর্কের জন্ম দেওয়া এই পাকিস্তানি ইউটিউবারের ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কাকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ‘ছেড়ে দেওয়ার’ আহ্বান জানান। তার যুক্তি—পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচটি মুম্বাই বা কলকাতার বদলে কলম্বোতে আয়োজন করা হবে, যা শ্রীলঙ্কার অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।
ভাট্টি আরও দাবি করেন, প্রয়োজনে ফাইনালও আহমেদাবাদ থেকে কলম্বোতে নিয়ে আসা সম্ভব। কারণ পাকিস্তান সেমিফাইনাল জিতে গেলে বিশ্বকাপের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল আহমেদাবাদের বদলের শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত হবে।
পাকিস্তানের এই ইউটিউবারের এমন মন্তব্য ঘিরে গতকাল থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা থেকে শুরু হয়েছে। অনেকেই এটিকে পরোক্ষভাবে ম্যাচ ফিক্সিংয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন। কিন্তু আজ সুপার এইটের ম্যাচ শুরু হতেই সমালোচনার মাত্রা আরও বেড়েছে।
পাল্লেকেলেতে আজ আগে টস জিতে শ্রীলঙ্কা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে রান রেটের হিসেব অনুযায়ী লঙ্কানদের বিপক্ষে ৬৫ রানের ব্যবধানে জয় পেলেই নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালের টিকিট পাবে পাকিস্তান। পাল্লেকেলেতে এমন সমীকরণের দিনে আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ২১২ রানের সংগ্রহ পেয়েছে সালমান আঘার দল। অর্থাৎ শ্রীলঙ্কাকে ১৪৭ রানের ভেতর আটকাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে পাকিস্তানের। অন্যথায় সেমিফাইনালে যাবে নিউজিল্যান্ড।
ব্যাট করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে নাম লিখিয়েছেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। এ দুজন মিলে ওপেনিং জুটিতে ১৭৬ রান করেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটের জন্য সর্বোচ্চ জুটি।
পাকিস্তানের হয়ে ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রান করেন ফারহান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন ফখর জামান।



