নারী এশিয়া কাপে ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল বাঁচা-মরার। জিতলে সেমিফাইনাল, হারলে গ্রুপপর্ব থেকেই বাদ- এমন সমীকরণ মাথার ওপর নিয়ে খেলতে নেমেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষ ভারত।
এবারের নারী এশিয়া কাপে আগের দুই ম্যাচের মতো গতকালও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দুবাইতে গতকাল মঙ্গলবার পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১০৩ রানের সংগ্রহ পেয়েছিল।
বাংলাদেশের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। এর বাইরে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন অধিনায়ক জ্যোতি (২৩), জুরাইরিয়া (১৬) ও নাহিদা আক্তার (১৬*)।
কম সংগ্রহ নিয়েও বাংলাদেশ ম্যাচে ভালোভাবে লড়েছে মূলত বোলারদের দুর্দান্ত বোলিংয়ে। বাংলাদেশের হয়ে বল হাতে নেওয়া ৫ জনই উইকেট পেয়েছেন। এর মধ্যে রাবেয়া ৩টি, মারুফা ও নাহিদা ২টি করে এবং ফাহিমা ও সুলতানা ১টি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশি বোলাররা এতটাই দুর্দান্ত বোলিং করেছেন যে, সংযুক্ত আরব আমিরাত পুরো ২০ ওভার খেলে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মোটে ৬৯ রান। অবশ্য এ রান তুলতে তাদের হারাতে হয়েছে ৯ উইকেট। তাতে বাংলাদেশ ৩৪ রানে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।



