গত সপ্তাহে পালমেইরাসের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ ছেড়ে উঠে যান নেইমার। সে সময় ব্রাজিলিয়ান তারকার চোখে-মুখে কান্নার ছাপ ছিল স্পষ্ট। সেসময় ধারণা করা গিয়েছিল, খারাপ কোনো সংবাদ আসতে পারে। অনুমান বাস্তবে রূপ নিয়েছে। নতুন করে চোটে পড়েছেন নেইমার। পেশিতে পাওয়া সেই চোটে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এ তারকাকে।
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না নেইমারের। এর মধ্যে আছে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের ম্যাচও।
সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সান্তোস। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাঁকে অনুশীলনে ফেরানো হবে। সান্তোস আশা করছে, আন্তর্জাতিক বিরতির পর অনুশীলনে পাওয়া যেতে পারে নেইমারকে।
নেইমার ছাড়াও পালমেইরাসের বিপক্ষে ওই ম্যাচে চোটে পড়েছেন উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। তবে গত সপ্তাহে রাইট-ব্যাক রোদিনেই এবং মিডফিল্ডার আর্তুর মেলো ও লিমাকে দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করেছে ক্লাবটি।
এ প্রসঙ্গে সান্তোসের কোচ কুকা বলেছেন, ‘নতুন খেলোয়াড়েরা দলে আসায় আমি খুবই খুশি। এটা অস্বীকার করার উপায় নেই। আমরা নেইমার, বারেয়াল ও লুকাস ভেরিসিমোকে হারিয়েছি। তবে তাঁরা কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটি আমরা জানি না।’
উল্লেখ্য, পালমেইরাসের বিপক্ষে পাওয়া চোটের পর ওই মাঠ নিয়ে ক্ষোভ ঝাড়েন নেইমার। ব্রাজিল জাতীয় দলের সাবেক এই তারকার মতে, সেটি ছিল পালমেইরাসের ইতিহাসে সবচেয়ে বাজে মাঠ।



