রাফায়েল নাদাল আবার ফিরেছেন কোর্টে। গত অস্ট্রেলিয়ান ওপেনে ছিটকে পড়ার পর থেকেই চোটাঘাতে আর পাওয়া যায়নি ২২ বারের গ্র্যান্ডস্ল্যামের মালিককে। গতকাল ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে নেমেছিলেন নাদাল।
চোট থেকে ফিরে শুরুতেই একক খেলেননি, নিজের কোচিং প্যানেলের সদস্য মার্ক লোপেসকে নিয়ে দ্বৈতে নেমেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান জুটি ম্যাক্স পার্সেল ও জর্ডান থম্পসনের কাছে ৬-৪, ৬-৪ সেটে হেরে গেছেন তাঁরা।
হার দিয়ে ফিরলেও নাদাল আশাবাদী এই বছর শেষেও খেলা চালিয়ে যেতে পারবেন। গত জুনে বাঁ কোমরে অপারেশন করা নাদাল বলেছেন, ‘যদি চোটমুক্ত থাকতে পারি- ইতিহাস যদিও বলে কাজটা কঠিন- তাহলে ভালো খেলা হয়তো সম্ভব, আর তা যদি হয় এবং প্রতিদিন যদি খুব বেশি ব্যথা না করে, সবকিছু যদি ঘটতে পারে, তাহলে কেন নয়? (খেলা চালিয়ে যাবেন)’
চোটের কারণে গত কয়েক বছরে খুব কম সময় কোর্টে ছিলেন নাদাল। কিন্তু ২০২৪ সালে বিদায় বলার ইচ্ছা নেই তাঁর, ‘আমি শতভাগ জোর দিয়ে বলতে চাই না যে এটাই আমার শেষ বছর, কারণ আমি টেনিস খেলা ভালোবাসি এবং যা পছন্দ করি তা করে যেতে চাই।’
ব্রিসবেনে নাদালের সঙ্গে জুটি বাঁধা লোপেস তাঁর কোচিং প্যানেলের সদস্য, বহুদিন ধরেই তাঁকে কোর্টে দেখা যায় না। কিন্তু অন্তত তাঁর সঙ্গে জুটি বেঁধে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারছেন বলেই খুশি নাদাল, ‘অনুশীলন আর প্রতিযোগিতা একদম ভিন্ন। তবে এদের সঙ্গে অনুশীলনের কথা বললে আমি খুব খুশি কারণ তাদের সঙ্গে অনুশীলনের সময় প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ পাই।’
আগামীকাল ডমিনিক থিমের বিপক্ষে খেলা নাদালের। এর আগে প্রত্যাশার বেলুন ফুলাতে মানা করছেন স্প্যানিশ তারকা, ‘অবশ্যই অতীতে যে প্রত্যাশা থাকত, এখন আর সে তীব্রতা থাকবে না।’



