যুদ্ধবিরোধী অবস্থানের কারণেই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন বলে জানিয়েছিলেন জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট নির্বাচনের আগে একথা বলেছিলেন তিনি। সে কারণেই ইরান যুদ্ধ শুরুর পর অনেকেই ভ্যান্সের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্পের পর রিপাবলিকানদের নেতৃত্বে দেখা যেতে পারে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে। ইরানের সাথে শান্তিচুক্তি বাস্তবায়ন তাঁর জন্য বড় পরীক্ষা, বলছেন বিশ্লেষকরা।
ইরানের সাথে চুক্তিতে পৌঁছাতে না পারলে সব দোষ জেডি ভ্যান্সের - সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্টকে নিয়ে এভাবেই ঠাট্টা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
পাকিস্তান সফরে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভ্যান্স। তাই ঠাট্টার ছলে বললেও ট্রাম্পের সেই উক্তিই প্রমাণ করছে রিপাবলিকান শিবিরে জেডি ভ্যান্সের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের সিদ্ধান্তে ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের কৌশল আর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলায় বিপাকে পড়ে তারা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও ইরানের হাতে।
ইউরোপীয় দেশগুলোর যুদ্ধবিরোধী অবস্থানের কারণে কোণঠাসা ট্রাম্প প্রশাসন। তাই শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভ্যান্সকে। অবশ্য, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চাইলে আন্তর্জাতিক কূটনীতিতে নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে রিপাবলিকান নেতাকে।
মাত্র ৩৬ বছর বয়সে মার্কিন সিনেটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাজনৈতিক মঞ্চে ভ্যান্সের আত্মপ্রকাশ। তবে, জাতীয় রাজনীতিতে দক্ষতার পরিচয় দিলেও আন্তর্জাতিক অঙ্গনে এখনও অনভিজ্ঞ তিনি। ট্রাম্পের মতো বেপরোয়া নেতার প্রতিনিধিত্ব করতে গিয়ে বাড়তি চ্যালেঞ্জের মুখে তিনি।
ট্রাম্পের পর ভ্যান্সই রিপাবলিকান দলের হাল ধরবেন বলে আশা অনেকের। ইরানের সাথে শান্তিচুক্তি ভেস্তে গেলে বড় মূল্য দিতে হবে তাকে। তাই মার্কিন ভাইস প্রেসিডেন্টের জন্য এটি বড় পরীক্ষা, বলছে বিবিসি।
এ পরিস্থিতিতে ট্রাম্পের আস্থা অর্জনের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার নীতি নির্ধারকদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে জেডি ভ্যান্সকে।


