ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আটকের ২ ঘণ্টা পর মুক্ত হন তারা। এছাড়া, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। রয়টার্স জানিয়েছে এ খবর।
দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত দেশটির রাজনীতি। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘিরে চলে ককরোচ জনতা পার্টি– সিজেপির বিক্ষোভ।
সরকারের ওপর চাপ বাড়াতে মঙ্গলবার সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেসসহ বিরোধী দলগুলোর নেতারা। সেখানে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে সেখান থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
এর আগে সোমবার পার্লামেন্ট অভিমুখে যাত্রার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে শতাধিক পুলিশ ও অনেক বিক্ষোভকারী আহত হয়।
সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সোমবার সংসদ ভবন ঘেরাও কর্মসূচি পালন করে সংস্কারপন্থী তরুণদের অরাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি।



