হরমুজ প্রণালিতে ইরান টোল আদায়ের ঘোষণা দেওয়ার পর এবার প্রণালির প্রবেশপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের ২১ ঘন্টার শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর আজ রোববার এই হুমকি দিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইরান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে না চাওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালিতে ঢোকা বা বের হওয়া যেকোনো জাহাজ মার্কিন নৌবাহিনী আটকে দেবে বলেও হুমকি দেন তিনি।
অন্যদিকে, ইরানের আস্থা অর্জনে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের স্পিকার বাঘের কালিবাফ। উল্লেখ্য, শনিবারের শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তিনি।
পাকিস্তানে দীর্ঘ আলোচনার পরও যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান। এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানের স্পিকার বাঘের কালিবাফ বলেন, আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। আস্থা অর্জন করতে পারবে কিনা সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
এদিকে, পাকিস্তানের পর এবার যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মধ্যস্থতায় প্রস্তুত আছে মস্কো।
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। ভবিষ্যতেও দুদেশের মধ্যে সংলাপ সহজ করতে ইসলামাবাদ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। শান্তিচুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ায় হতাশ বলে জানান তিনি।
বিবাদমান সব পক্ষকেই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ওমানের সুলতানের সাথে ফোনালাপে যুদ্ধবিরতি অব্যাহত রাখার ওপরও জোর দেন তিনি।


