মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বড় ধরনের জেট ফুয়েল সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ। এমন আশঙ্কার কথাই জানিয়েছে জ্বালানি খাতবিষয়ক বিশ্লেষক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। তাদের শঙ্কা, ইউরোপ যদি মধ্যপ্রাচ্য থেকে আমদানির অন্তত অর্ধেক পরিমাণ অন্য জায়গা থেকে আমদানি শুরু না করতে পারে, তাহলে জুনের মধ্যেই ভয়ঙ্কর রুপ নিতে পারে মজুতের সংকট।
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। অন্যদিকে, ইরানকে কোণঠাসা করতে এই প্রণালির দখল নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় ধরনের ব্যাঘাত ঘটেছে।
পারস্য উপসাগর থেকে জেট ফুয়েল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হচ্ছে হরমুজ প্রণালি। এতে জেট ফুয়েলের মজুত নিয়ে শঙ্কায় আছে ইউরোপ। সরবরাহ বাধাগ্রস্ত হলে শিগগির ফ্লাইট বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপে সম্ভবত আর ছয় সপ্তাহের জেট ফুয়েলের মজুত আছে বলে জানিয়েছে জ্বালানি খাতবিষয়ক বিশ্লেষক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ইউরোপ যদি মধ্যপ্রাচ্য থেকে আমদানির অন্তত অর্ধেক পরিমাণ অন্য জায়গা থেকে আমদানি শুরু না করতে পারে, তাহলে জুন মাসের মধ্যেই জেট ফুয়েলের মজুত সংকটজনক পর্যায়ে পৌঁছাবে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরোল বার্তা সংস্থা এপিকে বলেছেন, সরবরাহ বাধাগ্রস্ত হলে খুব শিগগির উড়োজাহাজ চলাচল বাতিলের মতো ঘটনা ঘটতে পারে।
অতীতে ইউরোপ তার মোট জেট ফুয়েল আমদানির প্রায় ৭৫ শতাংশের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল ছিল। বর্তমানে ইউরোপের দেশগুলো উপসাগরীয় অঞ্চল থেকে আসা সরবরাহের বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে। সেইসাথে চলছে অন্যান্য উৎস থেকে আমদানি বাড়ানোর চেষ্টা।
বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত সরবরাহ মূলত যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র থেকে জেট ফুয়েল রপ্তানি দ্রুত বাড়তে দেখা গেছে।
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে আগামী বুধবার (২২ এপ্রিল)। এরই মধ্যে জানা গেছে, আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে দ্বিতীয় দফায় উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয় ২১ ঘন্টার সরাসরি বৈঠক উল্লেখযোগ্য সাফল্য ছাড়াই শেষ হয়। যদিও আশার কথা এই যে, দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনও চলমান আছে।


