হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড (আইআরজিসি)। আজ রোববার ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
তাসনিম নিউজ জানায়, ইরানের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার ফেরত পাঠানো হয়েছে। বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে আইআরজিসি সেগুলোর গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য করায়।
এর আগে ইরান ঘোষণা দেয়, তাদের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। মূলত ওই ঘোষণার পরই হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইরান।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টাকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর থেকে নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।


