ইরানের উদ্দেশে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না। বিবিসি লাইভের এক প্রতিবেদন থেকে হেগসেথের সাম্প্রতিক এই মন্তব্য সম্পর্কে জানা যায়।
উল্লেখ্য, বর্তমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতি চলছে, যার সময়সীমা গত মঙ্গলবার একক সিদ্ধান্তে বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বিতীয় দফার শান্তি আলোচনা কবে, কোথায় হবে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি দাবি জানিয়ে আসছে। সম্প্রতি হরমুজে ইরানের একটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় দুটি জাহাজে গুলি চালিয়েছে ইরানও।
তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান সম্প্রতি যে দুটি জাহাজে গুলি চালিয়েছে ও জব্দ করেছে, সেগুলো ছিল 'সাধারণ জাহাজ', যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নয়।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'একটি স্পিডবোট, একটি বন্দুক আর খারাপ উদ্দেশ্য থাকলে যে কেউ এমনটা করতে পারে।'
হেগসেথ জানান, ইরানের সাথে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত না এবং যুক্তরাষ্ট্রের 'যতটা সময় দরকার, ততটাই আছে।'
তিনি মনে করেন, ইরানের সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনও সুযোগ আছে এবং ইরান তা জানে। স্থায়ী সমাধানের জন্য ইরানকে 'স্পষ্টভাবে, প্রমাণসহ পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে' বলেও জানান হেগসেথ।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, দ্রুতগতির কোনো ইরানি নৌযান যদি পানিতে মাইন বসানোর চেষ্টা করে বা হরমুজ প্রণালি দিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি করে, তাহলে মার্কিন নৌবাহিনী যেন সেগুলোকে ধ্বংস করে দেয়।
এ বিষয়ে হেগসেথের সুরও একই: 'আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না।'


