ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একইসাথে এই ঘটনাকে ভয়াবহ ঘটনা বলেও মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করার পরিকল্পনাও জানিয়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পরপরই হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। এছাড়া এই হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে হামলার বিষয়ে অবগত থাকার কথা জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। হামলার পর রিয়াদে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এর আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


