ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের জীবন কাহিনির স্বত্ব কিনলেন অভিনেতা আমির খান। তবে কি এবার ধোনি, কপিল দেবের মতো এই তারকার জীবনীও উঠে আসছে চলচ্চিত্রের পর্দায়? ভারতের একাদিক সংবাদমাধ্যমে জল্পনা তেমনই।
ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন আমির খান। ফলে আগামীতে যে তাঁর ছোটবেলা থেকে খেলার জগতে উত্থানের গল্প নিয়ে একটি ছবি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
শত বাধা বিপত্তি, প্রতিকূলতা পেরিয়ে যুবরাজের যে উত্থান, একটা দুর্দান্ত ক্রিকেট ক্যারিয়ার থেকে ক্যানসারের বিরুদ্ধে তাঁর লড়াই, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় বলে ছয় ছক্কা, ২০১১ সালের বিশ্বকাপে দুর্দান্ত ইনিংস—এসবই তরুণদের প্রেরণা জোগায়। যে কারণে মনে করা হচ্ছে শিগগিরই এই ক্রিকেটারের বর্ণাঢ্য জীবনের জানা-অজানা গল্পগুলো পর্দায় তুলে ধরতে চলেছেন আমির। আর অভিনেতা তো বরাবরই ছক ভাঙা, একটু অন্য ধরনের ছবি করতেই উৎসাহী তিনি। সে হিসেবে এটাও ব্যতিক্রম নয়, বরং ধারাবাহিকতাই বলা যায়।
এদিকে, যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে—এই কথা জানার পরই তাঁর ভক্তদের মধ্যে বিরাট উন্মাদনা চলছে। কিন্তু এখন দেখার পালা, খবরটি সত্যি হলে যুবরাজের জীবনীকে কীভাবে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
প্রসঙ্গত, সর্বশেষ ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গেছে আমিরকে। এতে কারিনা কাপুর ছিলেন তাঁর বিপরীতে। বক্স অফিসে ছবিটিরর ভরাডুবির পর থেকেই সাময়িক বিরতি নিয়েছেন আমির। তবে প্রযোজনাসহ অন্যান্য কাজ করে চলেছেন তিনি।


জন্মদিনের আয়োজনে শাহরুখের সঙ্গে বাংলাদেশি তিন ভক্ত
জায়েদ-নিপুণ এক প্যানেলে, উদ্যোগ ডিপজলের
