১৯৯০ সালে বাল্যবন্ধুদের নিয়ে তৈরি হয় ব্ল্যাক ব্যান্ড। দলটির প্রায় সবাই তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলতে সক্ষম হন। নামগুলো—বাল্যবন্ধু জন কবির, মেহমুদ আফ্রিদি টনি, খাদেমুল জাহান। তাঁদের সঙ্গে যুক্ত হন তাহসান রহমান খান ও মাহমুদুল করিম মিরাজ। তবে শূন্য দশকে এসে ভেঙে যায় তুমুল আলোচিত এ দলটি। ধীরে ধীরে লাইনআপে আসতে থাকে পরিবর্তন।
এবার ভক্তদের জন্য সুখবর, আবারও একমঞ্চে ফিরছেন ব্যান্ডটির প্রথম লাইনআপের সদস্যরা। সেই বিশেষ দিনটি ১০ মে। ভেন্যু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোন। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন তাহসান, জন ও জাহান।
রহস্য হাসি হেসে তাহসান বললেন, ‘মনে হয় আমরা ফিরছি। প্ল্যান তো সেদিকেই যাচ্ছে।’

জনের ভাষ্য, ‘আমরা ফিরছি, এটাই আপাতত খবর। গাইব একসঙ্গে। বলা যায়, পুরনো দিনের সবাই থাকবেন এতে। তাহসান, টনি, জাহান, মিরাজসহ নতুনরা।’
লিড গিটারিস্ট জাহান বললেন, ‘হ্যাঁ, ১০ তারিখে ওপেন এয়ার কনসার্টে গাইব আমরা। খুবই এক্সাইটেড।’
তিনি জানালেন, এদিন মুক্তি পেতে যাচ্ছে ব্যান্ডটির সর্বশেষ মুক্তি পাওয়া ‘সমান্তরাল’ গানটির ভিডিওচিত্র। গত বছর এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রকাশ পেয়েছিল। এ ছাড়া কনসার্টে ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক।
জানা যায়, বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কনসার্টটির আয়োজক রক এন রিদম ৪.০। সামাজিক যোগাযোগমাধ্যমে শিগগিরই প্রকাশ্যে আসছে এই ইভেন্ট পেজ।

প্রসঙ্গত, ব্ল্যাকে ভাঙন হলেও তরুণদের মাঝে ব্যান্ডটি এখনও তুমুল জনপ্রিয়। শুরুর দিকে তাঁদের লিড ভোকালিস্ট ছিলেন জন কবির। কি-বোর্ড বাজাতেন তাহসান, সঙ্গে গানও লিখতেন। ২০০৪ সালে জি-সিরিজ থেকে প্রকাশ পায় তাঁর একক অ্যালবাম ‘কথোপকথন’। তখনও তাঁর সঙ্গে বাজিয়েছিলেন ব্ল্যাকের সদস্যরাই। এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তবে ২০০৫ সালের ২০ এপ্রিল চট্টগ্রামে কনসার্ট শেষ করে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে ব্ল্যাকের মাইক্রোবাস। সদস্যরা বেঁচে ফিরলেও, এরপর আর একসঙ্গে তাঁদের বাজানো হয়ে উঠেনি।
পরবর্তীতে জন কবিরও ‘ব্ল্যাক’ ছেড়ে ২০১২ সালে আরেক ব্যান্ড ‘ইন্দালো’ গঠন করেন। এদিকে, ব্ল্যাকের বর্তমান লাইনআপে রয়েছেন—ফারহান তানভীর (ড্রামস), চার্লস ফ্রান্সিস (বেস গিটার), ইশান হোসেন (ভোকাল) ও খাদেমুল জাহান (লিড গিটার)।


ঈদ-বৈশাখের গান জোয়ার
ঈদে গান জোয়ার
