দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মধ্যবিত্ত’। আর এটি নিয়ে বেশ ক্ষুব্ধ ও হতাশ সিনেমা সংশ্লিষ্টরা।
প্রযোজনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানভীর হাসান। তাঁকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন সিনেমার অভিনেতা ওমর মালিক। জানান, এই নির্মাতা ছবির সেন্সরের দাবিতে আত্মহত্যার হুমকি দিয়েছেন।
ওমর মালিক পোস্টে লিখেছেন, ‘মধ্যবিত্ত টিম এখন অনেক অসহায়। ছবিটির পরিচালক তানভীর হাসান সেন্সর বোর্ডের সামনে গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করার কথা ভাবছে। পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং সিনেমা সংশ্লিষ্ট কেউ কি একটু তানভীর হাসানকে সাহস দেবেন? কত সিনেমা কতভাবে ছাড়পত্র পাচ্ছে আর যত আইন সব এই মধ্যবিত্ত সিনেমার ওপর!’
জানা যায়, সিনেমার শুটিং শেষ হয়েছে গেল বছরের মাঝামাঝিতে। আর চলতি বছরের শুরুতে মুক্তির আশায় সিনেমাটি যায় সেন্সর বোর্ডে। এরপরই আসে একের পর বাধা।
তানভীর হাসান বলেন, ‘চলতি বছর ফেব্রুয়ারিতে আমি ছবিটি সেন্সর বোর্ডে জমা দিই। তখন আমাকে ছবির কিছু সংলাপ পরিবর্তন করার জন্য বলা হয়। আমি সে অনুযায়ী, সংলাপ সংশোধন করে গেল সোমবার ছবিটি আবার জমা করি। কিন্তু এবার সেন্সর বোর্ড থেকে অনেক সংশোধন দিয়েছে।’
সংশোধনীর বিষয়ে তিনি জানান, সিনেমার নাম পরিবর্তন, মধ্যবিত্ত কথাটি বহুবার ব্যবহার করা হয়েছে—তা কমানো, সিনেমার দৃশ্য কর্তন ইত্যাদি।
তানভীর হাসানের মতে, ‘সব মিলিয়ে এবারের চিঠিতে ৭টি সংশোধনের কথা বলা হয়েছে। এগুলো করলে ছবির মূল গল্পই হারিয়ে যাবে। আর আমি তো ছবির নামের জন্য বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদ নিয়েই ছবি তৈরি করেছি। তাহলে এখন কেন নাম বদলানোর কথা আসবে? আসলে আমি জানি না, তারা এটি কেন করছে! কতশত ছবি ছাড়পত্র পাচ্ছে আর কী কারণে তাঁরা মধ্যবিত্তকে আটকে রেখেছে।’
সেন্সর বোর্ডের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার কথা বলা প্রসঙ্গে এই নির্মাতার ভাষ্য, ‘হ্যাঁ, এছাড়া আমার কিছুই করার নেই। অনেক স্বপ্ন ও অর্থ খরচ করে আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকদের জন্য। এখন যদি সেই স্বপ্নকে এভাবে মারা হয়, তাহলে বেঁচে থেকে লাভ কী! অনেক অসহায় হয়েই আমি এ কথা বলেছি!’
বিষয়টি নিয়ে প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলছি।’
এদিকে, ‘মধ্যবিত্ত’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। সঙ্গে আছেন মাসুম আজিজ, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজি, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজুসহ অনেকে।


ভুল বুঝতে না করেছিলেন প্রযোজক রূহান!
রহস্যময় চরিত্র নিয়ে আবারও ওটিটিতে চঞ্চল
