গায়ে হলুদের অনুষ্ঠানে তাজা ফুলের ওড়নায় রাধিকা মার্চেন্টকে দেখে চোখ ধাঁধিয়ে গেছে নেটিজেনদের। তবে একের পর এক জাঁকালো সাজপোশাকের মধ্যেও নজরকাড়ছে রাধিকার স্নিগ্ধ ত্বক আর সহজাত সৌন্দর্য।
বিগত কয়েক মাস ধরে আম্বানি পরিবারে প্রাক-বিবাহের অনুষ্ঠান চলছে। বিয়ের আগের এই অনুষ্ঠানগুলো শুরু হয়েছে গত ২৯ জুন মুম্বাইয়ে আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’তে পূজার মাধ্যমে।
অনুষ্ঠানগুলোতে পোশাকে বাহুল্য থাকলেও রাধিকা মার্চেন্টের সাজ থেকেছে বরাবরই জৌলুসহীন। ফিরে দেখা যাক রাধিকা মার্চেন্টের এমনই চার সাজের দিকে।

জুলাইয়ের ৪ তারিখ আম্বানিরা ‘ডান্ডিয়া পার্টি’র আয়োজন করে। সেদিন রাধিকা একটি জমকালো বেগুনি লেহেঙ্গা পরেছিলেন। মাঝে সিঁথি করে দু’পাশে লেপ্টে রাখা চুল, চোখে স্মোকি আইশ্যাডো, গাঢ় করে টানা কাজল আর ন্যুড মেকআপেই অসাধারণ লাগছিল তাঁকে।
‘মামেরু’ অনুষ্ঠানের দিন রানি রঙের লেহেঙ্গায় রাধিকাকে যেন ভারতীয় কোনো রাজকুমারী লাগছিল। এ অনুষ্ঠানে হবু বর-কনেকে মামার বাড়ির পক্ষ থেকে আশীর্বাদ এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।
মনীশ মালহোত্রার ডিজাইনে বেনারসি ব্রোকেড ফ্যাব্রিক লাগানো লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। সাথে ভি-নেক ব্লাউজটি ভিনটেজ স্টাইলের ছিল। টানটান করে রাখা বেণী, সামান্য ব্লাশ আর বেসিক পিংক গ্লসি লিপস্টিকেই আম্বানি পরিবারের হবু বধূকে স্বর্গীয় সুন্দর লাগছিল।

রাধিকার হলুদের লুক নিয়ে তো আলোচনা থামছেই না। এখন বলি, হলুদের পরে রাধিকার পরা স্যামন পিংক শেডের লেহেঙ্গাটি নিয়ে। ব্লাশ পিংক টিন্ট, ব্রাউন আইশ্যাডো আর লিপগ্লসে সাজ একদম ‘মিনিমাল’ রেখেছিলেন তিনি।
অফ-শোল্ডার স্টেটমেন্ট টপ আর ক্রিস্টালের চমৎকার লেহেঙ্গায় সঙ্গীতে দেখা দেন রাধিকা মার্চেন্ট। চোখে গ্লিটারি সিলভার শেড, ন্যুড গ্লস লিপ, টানা আইব্রো এবং উইঙ্গড আইলাইনারে রাধিকা যেন দ্যুতি ছড়াচ্ছিলেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া



