বলিউড অভিনেতা সালমান খানের বাবা সেলিম খানকে আবারও হুমকি দিয়েছিল এক ব্যক্তি। তাও আবার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে! পরে এই অভিযোগের প্রেক্ষিতে এক বাইক আরোহীকে আটক করে বান্দ্রা পুলিশ।
অভিযোগ উঠেছে আটক হওয়া এই ব্যক্তিই নাকি ভাইজানের বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে খুনের হুমকি দিয়েছিলেন। তবে পুলিশের অনুমান, এটা নিছকই ভয় দেখানোর জন্যই করেছে।
পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যখন অভিনেতার বাবা হাঁটতে বেরিয়েছিলেন, তখনই এক ব্যক্তি স্কুটারে করে আসেন। সঙ্গে এক নারীও ছিলেন। তারা সেলিম খানের কাছে এসে গাড়ি থামান এবং হুমকির সুরে বলেন, ‘লরেন্স বিষ্ণোইকে পাঠাব নাকি?’ এই বলে সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যান।
সেলিম খান জানিয়েছেন, যে নারী ওই স্কুটারে ছিল, সে মুখ ঢাকা ছিল বোরখা দিয়ে। জানা গেছে, স্কুটারটি কার্টার রোড থেকে ব্যান্ডস্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিল। সেলিমকে কথাটি বলার পরই তাঁরা ইউ টার্ন নিয়ে বেরিয়ে যায়।
এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন সেলিম খান। তিনি ওই স্কুটারের নম্বর প্লেট থেকে কেবল ৪টি সংখ্যা মনে রাখতে পেরেছিলেন, যা হলো ৭৪৪৪। আর এই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ সেই ব্যক্তিকে আটক করে। একাধিক ধারায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। চেক করা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
তবে কেবল এই ঘটনাই নয়, এর দু’দিন আগেও একজন বাইক আরোহী দ্রুত গতিতে বাইক চালিয়ে সালমানের গাড়ির কনভয়ে ঢোকার চেষ্টা করেন। এমনকি এর আগেও সেলিম খানকে হুমকি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ১৪ এপ্রিল দুই ব্যক্তি বাইকে করে এসে সালমানের বাড়িতে গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই ঘটনার পর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ১৮০০ পাতার একটি চার্জশিট দাখিল করা হয়েছে।


সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অস্ত্রদাতার আত্মহত্যা
মৃত্যুর হুমকি দিয়েও নিস্তার নেই, সালমানের বাড়ির সামনে গোলাগুলি
