শরীয়তপুরের ডামুড্যাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় হামলার শিকার হন তিনি। পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
নিহত রাসেল সরদার (৩৫) উপজেলার ইসলামপুর ইউনিয়নের এরিকাঠি গ্রামের ইচাহাক সরদারের ছেলে। তাঁর দুটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের সঙ্গে একই এলাকার রাসেল সরদারের রাজনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে।
অভিযোগ উঠেছে, শুক্রবার দুপুরে রাসেল সরদার ইসলামপুর ভাঙ্গাব্রিজ এলাকায় সেলুনে চুল দাড়ি কাটাতে যান। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে সাইফুল মাদবরসহ ১০/১২ জন হঠাৎ করে রাসেল সরদারের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাতপায়ের রগ কেটে দেন।
স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় হাসপাতালে পাঠান। ঢাকার হাসপাতালে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ইসলামপুর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত রাসেল সরদারের বড় ভাই ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওয়াসিম সরদার বলেন, শুক্রবার জুমার নামাজের আগে আমার ভাই ইসলামপুর ভাঙ্গাব্রিজ এলাকায় চুলদাড়ি কাটতে যায়। তখন সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে তাঁর ভাতিজা সাইফুল মাদবর, এলাকার সন্ত্রাসী বাচ্চু ফকির, মনির ফকির, পারভেজ ফকির, আবু ঢালী, লিটন মাদবরসহ ১০/১২ জন আমার ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন অংশে কোপাতে থাকে এবং হাতপায়ের রগ কেটে দেয়। আমার ভাইকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। হত্যাকারীদের ফাঁসি দাবি করছি।
এ ঘটনার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের ফোনে পাওয়া যায়নি।
শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, আমরা জানি একটি হত্যাকাণ্ড ঘটেছে। রাসেল নামের একজন ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এজাহার পেলে মামলা নেব। আমাদের যেটা মনে হয়েছে, তাদের সঙ্গে প্রতিপক্ষের পূর্বের দ্বন্দ্ব ছিল, এ কারণেই ঘটনাটি ঘটেছে।



