রিভিউ

কে কার গোলাম?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম

একটি অফিস।
৯টা থেকে ৫টা আটপৌরে সময়ে চলে যন্ত্র নিয়ে হরেক কাজ। টেক কোম্পানি বলে কথা। তবে কাজের বাইরে অফিসের লোকগুলো যে সব সময়ই যন্ত্রের মতো চলে, তা নয়। তাদের মধ্যে আড্ডা হয়, চলে ঠাট্টা–তামাশা। আবার বিপদে–আপদে একে–অন্যের পাশেও দাঁড়িয়ে যায় দৃঢ়ভাবে। ঠিক এমনই এক অফিসে, এক রোজকার সকালে হুট করে মরে যায় এক বিশেষজন। অফিসের বিশেষ ব্যক্তি সব সময় মালিক বা বড় কর্তাই হয়। আর তখনই সামনে চলে আসে মালিক ও গোলামের সম্পর্কের বিষয়টি। এক অস্বাভাবিক মৃত্যুই জানিয়ে দেয়—কে মালিক, আর কে ছিল গোলাম!

গোলামের অসাধারণ কিছু পোস্টারের একটিএমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছে মালায়লাম ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘গোলাম’। গত মে মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। ১ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ১৩ বছরের বেশি বয়সীদের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে। ছবিটির পরিচালক সামজাদ। এর গল্প লিখেছেন যৌথভাবে সামজাদ ও প্রবীণ বিশ্বনাথ।

মালায়লাম ইন্ডাস্ট্রির অন্যান্য ছবির মতোই ‘গোলাম’–এরও মূল সম্পদ এর গল্প। যেমনটা লেখার শুরুতে বলা হয়েছে, খুবই দৈনন্দিন ঢঙে শুরু হয় গল্প। দেখানো হয় একেক শ্রেণির একেক জনের একেকভাবে অফিসে পৌঁছানোর দৃশ্য। সেখানে গিয়ে গুলতানি মারা, আড্ডা দেওয়া, সহকর্মীর সঙ্গে খুনসুটি—আরও কতও কী। কিন্তু বড় কর্তা এসে যাওয়ার খবর শুনেই সবাই শশব্যস্ত হয়ে লক্ষ্মী কর্মী হয়ে যায়! এমনটা আমাদের এখানকার অফিসগুলোর সঙ্গেও মিলে যায় বেশ। এ তো চিরন্তন সত্য দৃশ্যের মতো বিষয়। কিন্তু ঘটনা জটিল হয়ে পড়ে হঠাৎ গায়ের কাপড়ে পড়া কফি পরিষ্কার করতে গিয়ে বড় কর্তার মৃত্যুতে।

নিঁখুত অভিনয়ে মন জয় করেছেন তারা। ছবি: প্রাইম ভিডিওদৃশ্যপটে চলে আসে পুলিশ, বিশেষ করে এএসপি সন্দ্বীপ কৃষ্ণা নামের চরিত্রটি। আর এর পরেই একটি দুর্ঘটনাবশত মৃত্যু রূপ নেয় পরিকল্পিত হত্যায়। তার রহস্য উন্মোচন করতে গিয়ে এমন সত্য উদঘাটিত হয় যে, শেষে হত্যার দায়ে কাউকে গ্রেপ্তার করতে আর ইচ্ছে করে না সন্দ্বীপের! বরং মাকড়সার জালের মতো এক জটিল রহস্যের জালে সে আটকে পড়ে। শুরু হয় নতুন অভিযান।

পুলিশ কর্মকর্তাই টেনে নিয়ে চলেছেন সিনেমাটি। ছবি: প্রাইম ভিডিওগোলাম ছবিতে খুবই সুন্দরভাবে এক নতুন ঘরানার রহস্যের অবতারণা করেছেন পরিচালক। চিত্রনাট্য লেখার কাজেও পরিচালক হাত লাগানোয় ক্যামেরা, গল্পে ও অভিনয়ে এক অদৃশ্য সংযোগ সূত্র খেল দেখাতে পেরেছে। কোথাও বেখাপ্পা লাগে না। বরং দেখা শুরুর আধা ঘণ্টা পর থেকে আর সময়ের হিসাব দর্শককে করতে হয় না। গল্পই দর্শককে টেনে নিয়ে যায় শেষ পর্যন্ত। ছবির সিনেমাটোগ্রাফি ছিল উপভোগ্য, আবহ সঙ্গীতও বেশ। ছবির শুরুটায় অবশ্য কিছুটা ধীর গতির মনে হয়। কিন্তু যতই গল্পের ভেতরে ঢোকা হয়, ততই মনে হয় শুরুর ধীর গতিটাই যেন নিখুঁত ছিল। এমন গল্পে এই তো চাই!

সিনেমাটিতে অভিনয় করেছেন রঞ্জিত সজীব, দিলীশ পোঠান, সানি ওয়েনসহ আরও অনেকে। পরিচিত মুখ কমই। তবে কারও অভিনয় দেখলে মনেই হবে না যে কাঁচা কাজ। বরং এতটাই সাবলীল সব অভিনয়শিল্পীরা, যে অবাক হতে হয়। পরিমিত অভিব্যক্তি দিয়েই কাজ সেরেছেন সবাই। আর তাতেই কেল্লা ফতে।

মোদ্দা কথা, ‘গোলাম’ আপনাকে চমকে দেবেই। রহস্য উন্মোচনের পর থেকে নিজের ভেতরেও এমন প্রশ্ন জাগতে পারে যে— ‘আমিও কি গোলামই? কিন্তু কতটা?’ এমন উত্তরও আসতে পারে তখন—‘যতটা হলে বাঁচা–মরা সব মালিকের হাতে থাকে’!

তাহলে বরং দেখেই ফেলুন ‘গোলাম’। প্রথম কথা, সময়টা ভালো কাটবে। আর দ্বিতীয় কথা, এর সিক্যুয়েল আসার স্পষ্ট ঘোষণা আছে ছবির শেষে। তার আগেই মূল গল্পের চিত্রায়ণ দেখে নিলে কিন্তু জমবে ভালো!

রেটিং: ৪.২৫/৫.০০ 
পরিচালক: সামজাদ পি এস
চিত্রনাট্য: সামজাদ পি এস
অভিনয়শিল্পী: রঞ্জিত সজীব, দিলীশ পোঠান, সানি ওয়েন
ভাষা: মালায়লম
ধরন: থ্রিলার
মুক্তি: ৭ জুন ২০২৪/প্রাইম ভিডিও

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগামী ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা জানান।
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর