ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। কেমন সেই গল্প? জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। আগামী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে ওয়েব ফিল্মটি। তবে তার আগে কিছু ধারণা দিয়েছে ঘুমপরীর ঝলক। যেখানে উঠে এসেছে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি।
জাহিদ প্রীতমের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন। ফার্স্টলুকে তাঁদের দেখে ধারণা করা যায়, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে।
বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ-উদ্বেগ কৌতূহলী করে তুলেছে দর্শকদের। সামাজিকমাধ্যমে অনেকেই বলছেন, ‘অপেক্ষায় আছি।’

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে চরকিতে আসছে ঘুমপরী। তাই ধারণা করে বলাই যায়, ওয়েব ফিল্মটি দর্শক হৃদয়কে ভালোবাসার গভীর অনুভূতির দিকে নিয়ে যাবে। অভিনয়শিল্পীরা সেই ইঙ্গিতই দিয়েছেন। তারা জানিয়েছেন, গল্পটি যে আসলেই গভীর ভালোবাসার তাতে কোনো সন্দেহ নেই।
ঘুমপরীতে কাজ করা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কি-না প্রথমদিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা—সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’

এই ওয়েব ফিল্মের মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে এর আগে বেশকিছু কাজ করেছেন অভিনেত্রী, যেগুলো বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। তানজিন তিশা বলেন, ‘জাহিদ প্রীতম ভাই যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। ঘুমপরী তেমনই একটা গল্প। তাছাড়া চরকির সঙ্গে এমন একটা কাজ দিয়ে আমার শুরু হতে পারে বলে মনে হয়েছে। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’
পারশা মাহজাবীন জানালেন, ঘুমপরী তাঁর পছন্দের জনরার একটি গল্প। তাই বেশি ভাবতে হয়নি। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে, কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’

১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ঘুমপরী ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার। এর ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানাচ্ছেন শ্রোতারা। দূরত্ব বজায় রেখে ভালোবাসতে চাওয়ার আকুতি কিছু শব্দের মাঝে খুব সুন্দরভাবে উঠে আসার কারণেই ভালো লাগছে বলে মনে করছেন শ্রোতারা। কেউ কেউ মনে করছেন ভালোবাসা দিবসকে আরও রাঙিয়ে তুলতে পারে গানটি। এটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী অন্তু দাস। মেহেদী হাসানের কথায় গানটির সুর-সংগীত করেছেন গায়ক নিজেই।
দর্শকদের উদ্দেশে নির্মাতা জাহিদ প্রীতম জানান, তিনি একটি শুদ্ধ ভালোবাসার গল্প বলতে চেয়েছেন। আশা করছেন সব বয়সী দর্শকই কাজটি পছন্দ করবেন।


‘ঘুমপরী’তে প্রীতম-তিশা, সঙ্গে পারশা
